ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে নিজ বাড়ির রান্নাঘরে আগুনে পুড়ে ফরিদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফরিদা বেগম উপজেলার রাজাপুর থানাধীন আরুয়া এলাকার মরহুম ওয়াজেদ আলী খলিফার স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে নিজ বসতঘরের রান্নাঘরে মাটির চুলায় চা তৈরির সময় তার কাপড়ে আগুন ধরে যায়। এ সময় তার চিৎকারে মেয়ে আখি আক্তার (২৩) দ্রুত এগিয়ে এসে পানি ঢেলে আগুন নেভান। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
পরে সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা চলাকালে সোমবার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন মাহমুদুল হাসান শাওন (২৫) রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদনে বর্তমান ও ভবিষ্যতে এ বিষয়ে কোনো মামলা বা আইনি সহায়তা গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।



