‘বৃক্ষরোপণে সাজাব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ভিডিপি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী আনসার ও ভিডিপির ৫৩ জন সদস্যের মাঝে ১০৬টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের মাধ্যমে একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগকে আরো গতিশীল করার লক্ষ্যে জামালগঞ্জ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে মোট ৫৩ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেকের হাতে ২টি করে সর্বমোট ১০৬টি গাছের চারা তুলে দেয়া হয়। প্রশিক্ষণার্থীদের নিজ নিজ বাড়ির আঙিনা, খালি জায়গা ও উপযুক্ত স্থানে এসব চারা রোপণ ও পরিচর্যার জন্য উৎসাহিত করা হয়।
এ সময় জামালগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের অপরিহার্য অংশ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সম্পৃক্ত করে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, শুধু চারা বিতরণ করাই নয়, প্রতিটি চারা যাতে সঠিকভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হয়, সে বিষয়ে সদস্যদের সচেতন করা হয়েছে। একটি করে গাছ একটি পরিবারের সম্পদ এবং অসংখ্য গাছ মিলে গড়ে ওঠে একটি সবুজ বাংলাদেশ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিকনির্দেশনায় এবং উপমহাপরিচালক সিলেট রেঞ্জ ও সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে এ বৃক্ষের চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং সরকারি বন বিভাগের পরিবেশবান্ধব কার্যক্রমের সাথে সমন্বয় রেখে ভবিষ্যতেও বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে বাহিনীর সদস্যদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সমাজে সবুজায়নের বার্তা পৌঁছে দেয়া সম্ভব হবে।
চারা বিতরণকালে প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় চারা রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে এগুলোকে বড় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক পরেশ সরকার, ফেনারবাঁক ইউনিয়ন দলনেত্রী ইভা আক্তার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



