ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খোকন তালুকদার বলেন, ৩১ দফা কর্মসূচির আলোকে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur

মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামের খালেরপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খোকন তালুকদার বলেন, ৩১ দফা কর্মসূচির আলোকে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, খাল খননের পর দুই পাড়ে অবশিষ্ট জমিতে বৃক্ষরোপণ করা হচ্ছে। সরকারি অর্থায়নে পরিচালিত এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে দেশজুড়ে সবুজায়ন বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে।

খোকন তালুকদার আরো বলেন, “বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিক বাস্তবায়ন নিশ্চিত করা গেলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। পাশাপাশি পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিও অনেকাংশে কমে আসবে।”

তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়েও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যাতে সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করতে পারে।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।