গাজীপুরে ছুরিকাঘাত করে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধির কাছ থেকে এক লাখ ৮১ হাজার টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। এ সময় প্যারাসুট নারিকেল তেল কোম্পানির বিক্রয়কর্মী সেলিমসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ না দেয়ায় এখনো মামলা রুজু হয়নি।
আহত সেলিম (৩৭) ফেনীর লক্ষীপুর এলাকার বাসিন্দা। তিনি প্যারাসুট নারিকেল তেল কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে চাকরি করেন। এছাড়া আহত অপর দু’জন হলেন— রাজন (৩২) ও এরশাদ (৪২)। আহতরা গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বনমালা এলাকার বাসিন্দা।
এর আগে, রোববার (৮ মার্চ) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিক্রয়কর্মী সেলিম, তার সহকর্মী রাজন ও প্রাইভেটকার চালক এরশাদ ব্যবসার মার্কেট কালেশনের টাকা নিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। ছিনতাইকারীরা তাদের কাছে থাকা নগদ এক লাখ ৮১ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ে বাধা দেয়ায় ছুরিকাঘাতে বিক্রয়কর্মী সেলিমসহ তিনজনই গুরুতর আহত হন।
আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাজন ও এরশাদ ওই হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত সেলিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনার খবর পেয়ে গাছা থানা ও টঙ্গী পশ্চিম পুলিশ হাসপাতালে ভুক্তভোগীদের সাথে কথা বলেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, ছিনতাইয়ের ঘটনায় এখনো পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো অভিযোগ পায়নি। তবে ভুক্তভোগীরা অভিযোগ না দিলেও পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।



