চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১২ বোতল ভারতীয় ‘এসকাফ’ সিরাপ এবং তিন কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)।
রোববার (১৬ আগস্ট) মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাত ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ জীবননগরের রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মানিকপুর গ্রাম থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের শরীফের পেয়ারা বাগানের মধ্যে নায়েব সুবেদার মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে মাদকবিরোধী টহল দল এ অভিযান পরিচালনা করেন। এ সময় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১১২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও মাদকবিরোধী টহল অব্যাহত রয়েছে।



