হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) গভীর রাতে নতুন ব্রিজ এলাকার তিন্নী হোটেলের পেছনে এ ঘটনা ঘটে।
তিনি বানিয়াচং উপজেলার যাত্রাপাশা এলাকার মরহুম রজব আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি চুনারুঘাট উপজেলার করিমপুর গ্রামে তার নানার বাড়িতে বসবাস করতেন।
তিন্নী হোটেলের মালিক ইমরান মিয়া জানান, সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে দোকানের কর্মচারীরা দোকান খুলতে গিয়ে হোটেলের পেছনে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তিনি চুনারুঘাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদের নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই রাজু আহমেদ জানান, ঘটনাস্থল থেকে একটি বৈদ্যুতিক তার কাটার প্লাস (কাটার) এবং একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতরে কিছু বৈদ্যুতিক তারও পাওয়া গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, গভীর রাতে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা করতে গিয়ে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।



