চাঁদপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনা কবলিত জায়গাটিতে বাঁক থাকায় এটি খুবই ঝুঁকিপূর্ণ স্থান। প্রায়ই এই স্থানে বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Chandpur Sadar
চাঁদপুর সদর থানা
চাঁদপুর সদর থানা |সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে অমি ঢালী (১৯) ও কিশোর চন্দ্র দাস (১৭) নামের দুই ছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তার উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অমি পাশের বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম ঢালীর ছেলে এবং কিশোর চন্দ্র একই এলাকার বাসিন্দা কার্তিক চন্দ্র দাসের ছেলে।

জানা গেছে, অমি শহরের পুরান বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং কিশোর চন্দ্র দাস চলতি বছর উপজেলার বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেল নিয়ে ওই দু’জন চৌরাস্তা হয়ে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা হাইমচরগামী পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায ওই দু’জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক আনিছুর রহমান তাদের মৃত ঘোষণা করেন।

তারা আরো জানান, দুর্ঘটনা কবলিত জায়গাটিতে বাঁক থাকায় এটি খুবই ঝুঁকিপূর্ণ স্থান। প্রায়ই এই স্থানে বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হয়।

চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, নিহত দুই শিক্ষার্থীর সুরতহাল করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।