ফেনী সরকারি কলেজে খালেদা জিয়ার দেয়ালচিত্র উদ্বোধন

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, ‘ফেনী কলেজ ছাত্রদল চমৎকার আয়োজন করেছে। এ উদ্যোগকে স্বাগত জানাই। এ কলেজে আমি ছাত্রদলের আহবায়ক ছিলাম। এখানে আমরা বহু ত্যাগের মাধ্যমে ছাত্রদলকে প্রতিষ্ঠা করেছি। আমাদের অনেক কষ্ট হয়েছে। আজ এসব দেখে সেসব সময়ের কথা মনে পড়েছে। আমি আজ আবেগাপ্লুত।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
নয়া দিগন্ত

ফেনী সরকারি কলেজে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত দেয়ালচিত্রের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর উদ্বোধন করেন। কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনি নিজ উদ্যোগে এ দেয়ালচিত্র অঙ্কন করেন।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, ‘ফেনী কলেজ ছাত্রদল চমৎকার আয়োজন করেছে। এ উদ্যোগকে স্বাগত জানাই। এ কলেজে আমি ছাত্রদলের আহবায়ক ছিলাম। এখানে আমরা বহু ত্যাগের মাধ্যমে ছাত্রদলকে প্রতিষ্ঠা করেছি। আমাদের অনেক কষ্ট হয়েছে। আজ এসব দেখে সেসব সময়ের কথা মনে পড়েছে। আমি আজ আবেগাপ্লুত।’

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘১৯৮৬ সাল থেকে এখানে আমার ছাত্রদলের রাজনীতি শুরু হয়। ১৯৮৭ সালে আমাদের বের করে দিয়েছিল। আমাদের এখানে দাঁড়াতে দেয়া হয়নি। এ কলেজ আমাদের রাগ-ভালোবাসার ক্যাম্পাস। সেখানে আজ এভাবে বেগম খালেদা জিয়ার এমন দৃশ্য দেখে ভালো লাগছে। ছাত্রদলকে ধন্যবাদ জানাই এমন আয়োজনের জন্য।’

কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনি বলেন, ‘খালেদা জিয়া ফেনীর মেয়ে। তিনি ফেনীর গর্ব। তার ত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ফেনী কলেজের শিক্ষার্থীরা যেন জানতে পারে, সেজন্য তার ছবি সংবলিত দেয়ালচিত্র অঙ্কন করা হয়েছে।’

এ সময় জেলা যুবদলের সদস্য মাইন পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী, কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমান, সিনিয়র যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান আরাবি, যুগ্ম-সম্পাদক সাজ্জাদুর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।