নোবিপ্রবিতে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী

সোমবার (৩ আগস্ট) নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ কর্মসূচি আয়োজন করা হয়।

Location :

Noakhali
প্রদর্শনীতে নোবিপ্রবি ভিসিসহ অতিথিরা
প্রদর্শনীতে নোবিপ্রবি ভিসিসহ অতিথিরা |নয়া দিগন্ত

নোয়াখালী অফিস

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দুই দিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ‘বাংলা দর্পণ সিজন-৭’ অনুষ্ঠিত হয়েছে। নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘ফটোগ্রাফি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের অন্যতম একটি মাধ্যম। এর মাধ্যমে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, মানুষের জীবনসংগ্রাম, সমাজের নানা বাস্তবতা ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা সম্ভব।’

তিনি বলেন, ‘এটি কেবল স্মৃতি সংরক্ষণে নয়, সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতেও কার্যকর ভূমিকা রাখে।’

তরুণ আলোকচিত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রকৃতির সৌন্দর্যকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারলে ছবিতে ভিন্ন মাত্রা যোগ হবে, যা ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।’

নোবিপ্রবি ভিসি এ ধরনের ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন এবং নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সিফাত-ই-মান্নান।

‘বাংলা দর্পণ সিজন-৭’-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রখ্যাত আলোকচিত্রী আশরাফুল ইসলাম শিমুল।

উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় এক হাজার ১০০টি ছবি জমা পড়ে। সেগুলো থেকে বাছাই করা ৬৪টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পায়।

প্রদর্শনীর বিশেষ আকর্ষণ ছিল জুলাই কর্নার ও ফটোবুথ। অনুষ্ঠান শেষে বিজয়ী আলোকচিত্রীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।