চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক কারবারিদের ৬ মাস সময় দিলেন ডা: তাহের

‘অন্তবর্তী সরকার থাকাকালীন এ এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছি। নির্বাচনের পর মাত্র তিন মাসে আরো ১০০ কোটি টাকার বরাদ্দ এনেছি।’

সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

Location :

Chauddagram
চৌদ্দগ্রামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের
চৌদ্দগ্রামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের |নয়া দিগন্ত

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি জামায়াতের চেয়ে ১০ শতাংশ ভোট বেশি পেয়েছে। জামায়াত এককভাবে ৬৮টি আসন ও জোটগতভাবে ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধীদল হিসেবে সংসদে শক্তিশালী ভূমিকা রাখছে। আমরা আশা করছি, ইনশাআল্লাহ আগামীতে জামায়াতই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।’

এ সময় তিনি চৌদ্দগ্রামের কিশোর গ্যাং ও মাদক কারবারিদের সঠিক পথে আসার জন্য ছয় মাস সময় বেঁধে দেন।

রোববার (৩১ মে) সকাল ১০টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজ নির্বাচনী এলাকায় উন্নয়ন সম্পর্কে ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেন, অন্তবর্তী সরকার থাকাকালীন এ এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছি। নির্বাচনের পর মাত্র তিন মাসে আরো ১০০ কোটি টাকার বরাদ্দ এনেছি।

তিনি বলেন, ‘চৌদ্দগ্রামের মৌলিক সমস্যা কিশোর গ্যাং ও মাদক কারবার। চৌদ্দগ্রামে এ দুটো সমস্যার স্থান হবে না। কিশোর গ্যাং ও মাদক কারবারিদের ছয় মাস সময় দিলাম। আপনারা অন্য কোনো ব্যবসা খোঁজেন। না হলে, ছয় মাস পরও যদি আপনারা এ রাস্তায় থাকেন, তাহলে আমরা বুঝব, আপনারা ইচ্ছে করেই এ পথে আছেন।’

তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘কিশোর গ্যাং ও মাদক কারবারিদের সংখ্যা বেশি, না ভালো মানুষের সংখ্যা বেশি? অবশ্যই ভালো মানুষের সংখ্যা বেশি। কিশোর গ্যাং ও মাদক কারবারিদের ধরার জন্য আপনারা ঘর থেকে বের হবেন কিনা? বের হলে, সমাজ থেকে অপরাধ কমে যাবে।’

তিনি বলেন, ‘আমার নেতৃত্বেই কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হবে। তাদেরকে আর ছাড় নয়।’

উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা সাবেক আমির আবদুস সাত্তার, কুমিল্লা মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমান, কুমিল্লা মেডিক্যাল সেন্টারের এমডি ডা: শফিকুর রহমান পাটোয়ারী, ইসলামিক চিন্তাবিদ ড. আবুল কালাম আজাদ বাশার, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমির সাহাব উদ্দিন, সাবেক সেক্রেটারি শাহ মো: মিজানুর রহমান, পৌরসভা আমির মাওলানা ইব্রাহীম, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, আবুল খায়ের, মোস্তফা নুরুজ্জামান খোকন, রুহুল আমিন, মমিনুল ইসলাম, আব্দুস সোবহান, ইকবাল হোসেন মজুমদার, ‎বাংলাদেশ খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমির কাজী ইয়াছিন, পৌরসভা সেক্রেটারি মোশাররফ হোসাইন ওপেল, শিবিরের দক্ষিণ জেলা সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা ও উপজেলা সদর সভাপতি নাছির মিয়াজী বক্তব্য রাখেন।

এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।