সোনারগাঁওয়ে দুটি ব্যাটারি কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, অবৈধভাবে ব্যাটারি উৎপাদনের দায়ে কারখানা দুটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
সোনারগাঁওয়ের কাজহরদী শ্রীরামপুরে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ব্যাটারি কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
সোনারগাঁওয়ের কাজহরদী শ্রীরামপুরে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ব্যাটারি কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজহরদী শ্রীরামপুর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি ব্যাটারি কারখানা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা দুটি উচ্ছেদ করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের পরিদর্শক টিটু বড়ুয়া, সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে ব্যাটারি তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানা মালিকপক্ষের লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদিপুর ইউনিয়নের কাজহরদী শ্রীরামপুর এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দুটি কারখানায় ব্যাটারি উৎপাদন করে আসছিল। উৎপাদনে ব্যবহৃত সীসা ও এসিড মিশ্রিত বর্জ্য পাশ্ববর্তী নদী ও খালে ফেলায় পরিবেশ দূষণ ছড়িয়ে পড়ে। এছাড়া ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে স্থানীয়দের মধ্যে চর্মরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা দেয়।

এ বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ করলে মঙ্গলবার অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের পরিদর্শক টিটু বড়ুয়া জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে ব্যাটারি উৎপাদন করা হচ্ছিল, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানা দুটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানের সময় মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, অভিযানে ব্যাটারি উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। অবৈধভাবে ব্যাটারি উৎপাদনে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, অবৈধভাবে ব্যাটারি উৎপাদনের দায়ে কারখানা দুটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।