স্বাধীনতার প্রেরণায় স্বাবলম্বিতার বার্তা ছড়িয়ে কাপাসিয়ায় ২০টি অসহায় ও প্রান্তিক পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গাজীপুর-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য মুহাম্মদ সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৭ মার্চ) সকালে বারিষাব ইউনিয়নের লোহাদী গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন সালাহউদ্দিন আইউবী।
প্রতিটি মেশিনের সাথে সূঁই, সুতা, তেলসহ প্রয়োজনীয় উপকরণ দেয়া হয়। পাশাপাশি জার্মানভিত্তিক একটি সংস্থার সহায়তায় কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় সালাহউদ্দিন আইউবী নিজেই মেশিন চালিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন এবং নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জিয়াউর রহমান, সেক্রেটারি রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক আক্তার হোসেন, বারিষাব ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আবু তাহেরসহ স্থানীয় নেতৃবৃন্দ।



