নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে সামাদ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামাদ লালুরকান্দি এলাকার মরহুম আকরাম উদ্দিনের ছেলে। আহতরা হলেন ইউসুফ আলী ও ইসমাইল। তারা একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সামাদ, ইউসুফ আলী ও ইসমাইল বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করতে যান। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বাড়ির পাশেই বজ্রপাতে আহত হন তারা। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন। আহত ইউসুফ আলী ও ইসমাইল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



