চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
ভোলার চরফ্যাশনে ১৬ বছরের এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো: রাকিব মাতাব্বর (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ চরফ্যাশন চৌকি আদালতে উপস্থাপন করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানো আদেশ দেন।
সোমবার (৩১ আগস্ট) চরফ্যাশন চৈাকি আদালত তাকে কারাগারে পাঠান।
এর আগে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ঢাকা থেকে তাকে গ্রেফতার করে চরফ্যাশন থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে চরফ্যাশন থানার পুলিশ তাকে ঢাকা থেকে চরফ্যাশনে নিয়ে আসে।
গ্রেফতার রাকিব মাতাব্বর উপজেলার ওমরপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরহুম মজিবল হকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, আসামি মো: রাকিব মাতাব্বর দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাবসহ দিয়ে আসছিল। গত ১৪ জানুয়ারি জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে তাকে চরফ্যাশন বাজারের হোটেল বক্সি টাওয়ার আবাসিক হোটেলের ৪০৩ নম্বর রুমে নিয়ে যায় রাকিব। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক প্রথমবার ধর্ষণ করে।
পরে ২২ মে রাত আনুমানিক ১২টার সময় আসামি কৌশলে বাদির বসতঘরে প্রবেশ করে কিশোরীর মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগীর মা ঘটনাটি সম্পর্কে বুঝতে পেরে চিৎকার করলে অভিযুক্ত রাকিব ধস্তাধস্তি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খলিলুর রহমান জানান, ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল। সম্প্রতি র্যাব ঢাকা থেকে তাকে গ্রেফতার করার পর চরফ্যাশন থানা পুলিশের একটি দল তাকে ঢাকা থেকে চরফ্যাশন নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার গ্রেফতার আসামিকে চরফ্যাশন চৌকি আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



