সিলেটে আরো ৬ ডেঙ্গুরোগী শনাক্ত

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ছয় রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে ৬ ডেঙ্গুরোগী শনাক্ত |ফাইল ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ছয়জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ছয় রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন রয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৮ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ৭০ জন, সুনামগঞ্জে ২৯ জন, সিলেট জেলায় ২৮ জন ও মৌলভীবাজারে ১৭ জন। এ ছাড়া বিভাগের বাইরের আরো চারজন রোগী সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার দু’জন, নেত্রকোনার একজন ও বরিশালের একজন রয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে সিলেট বিভাগে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগ ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানিয়েছে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার পরামর্শ দেয়া হয়।