নির্বাচনে নিরাপত্তায় বিজিবি

রাঙ্গামাটি-চট্টগ্রামে ২৬৭ কেন্দ্রে দায়িত্ব পালন করবে কাপ্তাই ব্যাটালিয়ন

‘নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত।’

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Rangamati
বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের সংবাদ সম্মেলন
বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য রাঙ্গামাটি ও চট্টগ্রাম অঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটাররা যাতে শান্তিপূর্ণ, ভয়মুক্ত ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ লক্ষ্য সামনে রেখে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) দুই জেলার সাতটি উপজেলার মোট ২৬৭টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাঙ্গামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়া এলাকায় অবস্থিত ৪১ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।

লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, ‘নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত। একটি পেশাদার ও নিরপেক্ষ বাহিনী হিসেবে আমরা নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছি। সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে বিজিবি সর্বাত্মক সহায়তা প্রদান করবে।’

তিনি আরো জানান, ‘নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র বা মাদক পাচার নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নিয়মিত টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে।’

ব্রিফিংয়ে জানানো হয়, ‘১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে মোতায়েন রয়েছে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি দায়িত্ব পালন করছে এবং সীমান্তবর্তী ৬১টি উপজেলায় এককভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে।’

কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা মূলত দুর্গম পার্বত্য অঞ্চল হওয়ায় নির্বাচনী দায়িত্ব তুলনামূলকভাবে চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন অধিনায়ক কাওসার মেহেদী।

তিনি বলেন, ‘রাঙ্গামাটির দুইটি উপজেলা অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত, যেখানে ২৬টি ভোটকেন্দ্র রয়েছে। তবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি ও বিশেষ পরিকল্পনা রয়েছে।’

নিরাপত্তা নিশ্চিত করতে ২৬৭টি ভোটকেন্দ্রের জন্য মোট সাতটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-৬ (রাউজান) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে একটি করে বেইজ ক্যাম্পের মাধ্যমে ১৮৭টি কেন্দ্র এবং রাঙ্গামাটির কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় পাঁচটি বেইজ ক্যাম্পের মাধ্যমে ৮০টি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ), কে-৯ ডগ স্কোয়াড এবং হেলিকপ্টার সহায়তাসহ বিশেষ প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম বিশেষ দলগুলো সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

এছাড়া বিজিবি সদস্যদের রায়ট কন্ট্রোল প্রশিক্ষণ, ড্রোনের মাধ্যমে নজরদারি এবং নন-লেথাল অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, ‘নির্বাচনের আগে, চলাকালীন এবং পরবর্তী সময়ে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালন করে জনগণের আস্থা ও বিশ্বাস রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করবে। সরকারের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বিজিবি অগ্রণী ভূমিকা রাখবে।’

এ সময় ৪১ বিজিবির ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আশরাফুল ইসলামসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।