গাবতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার গ্রেফতার

বগুড়ার গাবতলীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল (খাদ্যশস্য) বিতরণে অনিয়মে জড়িত থাকার অভিযোগে ডিলার আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।

Location :

Gabtali
গাবতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার গ্রেফতার
গাবতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার গ্রেফতার |নয়া দিগন্ত

গাবতলী (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার গাবতলীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল (খাদ্যশস্য) বিতরণে অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে সোনারায় ইউনিয়নের পীরগাছা (সাবেকপাড়া) এলাকার ডিলার আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, সরকার দরিদ্র ও অসহায় মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশের ন্যায় গাবতলী উপজেলার ১২টি ইউনিয়নে ২৮ জন ডিলারের মাধ্যমে নির্ধারিত কার্ডধারীদের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে ১৫ টাকা দরে চাল বিতরণ করছে।

অভিযোগ রয়েছে, কোনো কোনো ডিলার সুবিধাভোগীদের চাল না দিয়ে নগদ অর্থ দিয়েছেন এবং ওজনে কম দিচ্ছেন। এতে সরকারের মহৎ উদ্দেশে ব্যাহত হওয়ার পাশাপাশি কার্ডধারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে ডিলারের দাবি, তারা ঠিকঠাকভাবেই নিয়ম মেনে চাল (খাদ্যশস্য) বিতরণ করে আসছিলেন।

এদিকে, অনিয়মের খবর পেয়ে (২৪ আগস্ট) সোমবার সকালে পীরগাছা সাবেকপাড়া এলাকায় অভিযান চালান বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মেদসহ সঙ্গীয় পুলিশ সদস্যগণ।

চাল বিতরণ না করেই ‘চাল দেয়ার তালিকা’ ঠিকঠাক রাখার দায়ে ডিলার আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (অতি: দায়িত্ব) মো: হারুনুর রশিদ হারুন বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ না করেই ভুয়া নামের তালিকা তৈরি করার অপরাধে ডিলার আব্দুর রশিদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন বলেন, ‘এ ঘটনায় ডিলার আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ডিলারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’