খুলনায় ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ ২০ জুন

‘খুলনা বিভাগজুড়ে সাংগঠনিকভাবে সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নগরীর পাশাপাশি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলার পাঁচ লক্ষাধিক লোক সমাগমের পরিকল্পনা রয়েছে।’

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট |নয়া দিগন্ত গ্রাফিক্স

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে আগামী ২০ জুন খুলনার সার্কিট হাউস ময়দানে বিভাগীয় সমাবেশ করবে বলে ঘোষণা করেছে ১১ দলীয় জোট। সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে জামায়াতে ইসলামীর খুলনা নগর শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশ সফল করতে নগরীর বিভিন্ন এলাকায় চলছে প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ, লিফলেট বিতরণ কার্যক্রম। সমাবেশ বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইকে আহ্বায়ক ও খুলনা মহানগরীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া মেহমান বিভাগ, পরিবহন বিভাগ, ডেকোরেশন বিভাগ, সাউন্ড বিভাগ, মঞ্চ নির্মাণ বিভাগ, নিরাপত্তা বিভাগ, শৃঙ্খলা বিভাগ, প্রচার ও প্রকাশনা বিভাগ, অফিস বিভাগ, ১১ দলীয় ঐক্যের সমন্বয় বিভাগ, মিডিয়া বিভাগ, আইটি বিভাগ, তথ্য বিভাগ, সাস্থ্য ও চিকিৎসা বিভাগ, অর্থ বিভাগ, পানি ব্যবস্থাপনা বিভাগসহ ১৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

সমাবেশ সফল করতে দুই লক্ষাধিক পোস্টার, ১০ লক্ষাধিক লিফলেট, পাঁচ সহস্রাধিক ফেস্টুন তৈরি করা হয়েছে। নেতৃবৃন্দদের স্বাগত জানাতে খুলনা মহানগরীর পাঁচটি প্রবেশদ্বারে ২০টি তোরণ নির্মাণ করা হবে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

এছাড়া বক্তব্য রাখবেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।

সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জামায়াতের খুলনা মহানগরীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘খুলনা বিভাগজুড়ে সাংগঠনিকভাবে সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নগরীর পাশাপাশি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলার পাঁচ লক্ষাধিক লোক সমাগমের পরিকল্পনা রয়েছে। সমাবেশকে কেন্দ্র করে শরিক দলগুলোর মধ্যে সমন্বয় কার্যক্রমও জোরদার করা হয়েছে। আশা করছি খুলনা সার্কিট হাউস সমাবেশস্থল হলেও গোটা নগরীই পরিণত হবে সমাবেশস্থলে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও সেরকম সাড়া পাওয়া যাচ্ছে।’