নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েত নগরের হরিহর পাড়ার চাঁদনী হাউজিং এলাকায় ঝুট ব্যাবসায়কে কেন্দ্র করে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় এনায়েত নগর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেফতারর করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) পুলিশ বিষয়টি নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা এলাকার হোটেল গ্র্যান্ড সাফা ইনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন এনায়েত নগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) ও লিয়ন মাহমুদ আকাশ (২২)।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহাবুব জানান, কুয়াকাটার একটি হোটেল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য, গত রোববার নারায়ণগঞ্জের ফতুল্লার হরিহর পাড়া চাঁদনী হাউজিং এলাকায় ঝুট নামানোকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দু’জন গুলিবিদ্ধ হয়। এতে সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেছেন গুলিবিদ্ধ রাকিবের বাবা খোকা।



