রাজধানীর রামপুরায় তেলবাহী লড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাজমুল ইসলাম (৪৬) নামে এক কর্পোরেট কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার পর হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
নাজমুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নারায়নপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি কর্পোরেট প্রতিষ্ঠান প্রভিটা গ্রুপে ডিপুটি ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
নিহতের সহকর্মী মোহাম্মদ ইকবাল জানান, সকালে মোটরসাইকেলে গুলশানে অফিসে যাওয়ার সময় রামপুরা ব্রিজে একটি তেলবাহী লড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। দুর্ঘটনাকবলিত তেলবাহী লড়িটি পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।



