বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন আকনকে (৭৮) গ্রেফতার করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৫ মে) বিকেল ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ইমরান আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের সয়াদত নগর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে বরগুনা জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আনোয়ার হোসেন আকন আত্মগোপনে থাকেন। পৌরসভার কাজের ঠিকাদারদের অর্থ আত্মসাৎ এর অভিযোগ এনে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুইজন ঠিকাদার তিনটি মামলা করেন। এ মামলায় অর্থ আত্মসাতের বিষয়টি উল্লেখ করা হয়। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আনোয়ার হোসেন আকনকে গ্রেফতার দেখানো হয়েছে।
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম সাংবাদিকদের জানান, সাবেক মেয়র আনোয়ার হোসেন আকন বর্তমানে বরগুনা সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।



