হুইপ দুলু

শহীদ জিয়া জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় দেশে খাল খনন শুরু করেছিলেন

‘বাংলাদেশের মাটিতে একসময় একটামাত্র ফসল হতো। এখন যে তিনটা ফসল উৎপাদন হচ্ছে এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান।’

নাটোর প্রতিনিধি

Location :

Natore
খাল পুনঃখনন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
খাল পুনঃখনন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু |নয়া দিগন্ত

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করতে প্রায় ৫০ বছর আগে দেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন।’

তিনি বলেন, ‘শহীদ জিয়ার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের মানুষের সুবিধার কথা চিন্তা করে এই খাল খননকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। এজন্য তিনি পুনরায় নতুন করে খাল খনন শুরু করেছেন।’

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নাটোর সদরের হালসা ইউনিয়নের পান মোকাম এলাকায় হেলেঞ্চা খালের পুনঃখনন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুলু বলেন, ‘বাংলাদেশে এখন খরার সময় পানি নাই, ফারাক্কা বন্ধ, তিস্তা বন্ধ, চারিদিকে শুধুই হাহাকার অবস্থা। এগুলো থেকে মুক্তির জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন শুরু করেছেন। এই খাল খনন পানি রিজার্ভ রেখে কৃষকের ভাগ্য পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করি।’

তিনি আরো বলেন, ‘এদেশ কৃষি প্রধান দেশ এবং কৃষিই হচ্ছে আমাদের একমাত্র ভরসা। কৃষক বাঁচলেই কেবল দেশ বাঁচবে। বাংলাদেশের মাটিতে একসময় একটামাত্র ফসল হতো। এখন যে তিনটা ফসল উৎপাদন হচ্ছে এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। এই অবদানের ধারাকে অব্যাহত রাখতে এই খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।