নড়াইল-ঢাকা মহাসড়কের পাশে তুলারামপুর গ্রামের বিল থেকে শরিফুল ইসলাম (৪৮) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শরিফুল যশোর সদরের জগমোহনপুর গ্রামের ইন্তাজ আলী তরফদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা সাহেব মোল্যা জানান, গত বৃহস্পতিবার দুপুরে তুলারামপুর মসজিদে শরিফুলকে আসরের নামাজ পড়তে দেখেছেন তিনি। এরপর আজ দুপুরে তার লাশ উদ্ধারের কথা জানতে পারেন।
শরিফুলের লাশের পাশে জ্যাকেট, গামছা, ব্যাগ, এনআইডিকার্ড ও চার হাজার ২০০ টাকা পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, শরিফুল ইসলামের গায়ে আঘাতের তেমন কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তার পরিবারকে খবর পাঠানো হচ্ছে।



