পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় মাত্র ১০ টাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে, যেখানে ৫০০টি অসহায় ও নিম্নআয়ের পরিবার ইফতার সামগ্রী গ্রহণ করেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় কামারখাড়া মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে এই স্বল্পমূল্যের ইফতার বাজারের খাদ্যপণ্যের তালিকায় ছিল- খেজুর ৫০০ গ্রাম, ছোলা এক কেজি, বুট এক কেজি, তেল এক লিটার, মুড়ি এক কেজি, চিরা এক কেজি, চিনি এক কেজি ও পেঁয়াজ এক কেজি।
এসব পণ্য রমজান মাসে সাধারণ মানুষের ইফতারের চাহিদা পূরণে সহায়ক হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন উদ্যোগ দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য বাড়তি স্বস্তি নিয়ে আসে।
অনুষ্ঠান চলাকালে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য।
তারা বলেন, রমজান মাসে যেন কোনো পরিবার ইফতার থেকে বঞ্চিত না হয়, সেই চিন্তা থেকেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
ইফতার সামগ্রী নিতে আসা উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয় সচেতন মহল মনে করেন, বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সহযোগিতার মনোভাবকে আরো জোরদার করবে।
এ সময় সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিক হিরা, সাধারণ সম্পাদক মো: বিপ্লব হালদার, প্রতিষ্ঠাতা সদস্য মো: রবিন হাওলাদার, কার্যনির্বাহী সদস্য জসীম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া মনি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ফাহিম আহমেদসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।



