কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভা জামায়াতে ইসলামীর ক্রীড়া ও যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ ও তারুণ্যের জুলাই জাগরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, ‘উন্নত বিশ্ব গঠনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য জাপান, চায়না ও ইউরোপসহ পৃথিবীর সব দেশই এখন যুবকদের মোটিভেশন করছে। ইসলামের আলোকে অধিক সন্তান নীতি নেয়ার কারণে আজ আমরা বাংলাদেশীরা যুবশক্তিতে সমৃদ্ধ। আগামীতে আমাদের সাথে সম্মুখ যুদ্ধে অংশ নিতে অনেক দেশই সাহস করবে না, ইনশাআল্লাহ।’
পৌরসভা যুব বিভাগের সভাপতি রবিউল করিম শামীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি শাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা মো: ইব্রাহিম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি শাহ মো: মিজানুর রহমান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী মো: ইয়াছিন।
পৌরসভা যুব বিভাগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ মাছুমের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের উপজেলা সাবেক সভাপতি জাফর ইকবাল লিটন, পৌরসভা সাবেক সভাপতি মমতাজ উদ্দিন শামীম, পৌরসভা যুব বিভাগের সহ-সভাপতি ইউসুফ আলী রিফাত, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মিশু। অনুষ্ঠানে কোরআন থেকে আলোচনা করেন ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও শিক্ষাবিদ মাওলানা শফিকুর।
অনুষ্ঠানে পৌরসভার নয়টি ওয়ার্ডের ক্রীড়া ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।



