সিলেটের ওসমানীনগরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে শাহজাহান মিয়া সৌরভ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উত্তর তিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সৌরভ উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
আহতরা হলেন আল আমিন, শাহান, শাকিল, জিগির, সুপান, আব্দুল আজিজ। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা যায়, ঘটনার সময় সৌরভ বাহির থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা তার ওপর হামলা করে। বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সৌরভের শ্বাসনালীতে ধারালো অস্ত্রের আঘাত লাগলে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়।
নিহতের চাচা মিজানুর রহমান বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত সন্ত্রাসী হামলা করে আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে।’
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুর্শেদুল আলম ভূইয়া বলেন, সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।



