দুর্গন্ধ খুঁজতে গিয়ে নারীর লাশের ৩ খণ্ড উদ্ধার

গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির ডোবা থেকে লাশের খণ্ডাংশ তিনটি উদ্ধার করে পুলিশ।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ |নয়া দিগন্ত

গাজীপুরে দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে পরিত্যক্ত ডোবায় এক নারীর লাশের তিনটি খণ্ডের সন্ধান পেয়েছে স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির ডোবা থেকে লাশের খণ্ডাংশ তিনটি উদ্ধার করে পুলিশ।

বাড়ির মালিক নাজমুল হাসান জানান, তার বাড়ির কক্ষগুলো আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেয়া হয়েছে। রান্নাসহ দৈনন্দিন ব্যবহৃত পানি নিষ্কাশনের জন্য বাড়ির পাশেই প্রায় আট থেকে দশ বছর আগে ছোট একটি গর্ত বা ডোবা খনন করা হয়। সম্প্রতি ওই ডোবাটি কচুরিপানা জমে ঢেকে যায়। শনিবার দুপুরে বাড়ির ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে আশপাশে উৎসের অনুসন্ধান করতে থাকে। এক পর্যায়ে তারা ওই ডোবায় খণ্ডিত মানবদেহ দেখতে পেয়ে বাড়ির মালিককে খবর দেন। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ এসে খণ্ডাংশ তিনটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, আশপাশের শিল্পকারখানা গড়ে উঠায় চন্নাপাড়া এলাকাটি ঘনবসতিপূর্ণ হয়ে উঠেছে। দুষ্কৃতিকারীরা ওই নারীকে অন্য কোথাও হত্যা করে ঘটনা আড়াল করার জন্য রাতের আঁধারে এখানে এনে ফেলে যেতে পারে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত কাজ চলছে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর কার্যক্রম চলছে।