রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: মোকাররম মোল্লা (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের করমচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোকাররম ওই গ্রামের মো: শহিদুল মোল্লার ছেলে। সে রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলে বাড়িতে ফেরে মোকাররম। বাড়িতে এসে হাত-পা ধোয়ার পর টেবিল ফ্যান চালানোর জন্য সুইচে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে।
এ সময় তার মা মমতাজ বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় পল্লী চিকিৎসক ডা: মাফিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, উপ-পরিদর্শক (এসআই) মো: কাঞ্চন মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। থানায় ইউডি মামলা হয়েছে।


