টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (৩৫) নামে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ মে) সকালে কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ের রামপুর কোকরাইল গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রায়হান কোকরাইল গ্রামের বাদল মিয়ার ছেলে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে রায়হানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। রায়হানের নামে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তবে কেন তাকে হত্যা করা হলো তা তদন্তের পর জানা যাবে।
নিহতের বাবা বাদল মিয়া বলেন, ‘সোমবার ভোর ৪টার দিকে মুন্না নামে এক যুবক আমাকে খবর দেন যে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে রায়হানকে কোপাচ্ছে। আমি খবর শুনে ছুটে আসি এবং আশপাশে খোঁজ করি। একপর্যায়ে কোকরাইল গ্রামের রিপনের পুকুরে রক্তাক্ত অবস্থায় আমার ছেলের লাশ দেখে পুলিশে খবর দেই। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’



