নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা-সংলগ্ন এলাকায় আরমান (৪০) নামে এক জাপান প্রবাসী পরিবারসহ সংঘবদ্ধ ডাকাতির শিকার হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের মাইক্রোবাসের কাচ ভেঙে মারধর করে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, মূল্যবান মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে মেঘনা টোলপ্লাজা-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আরমান ফেনী জেলার আব্দুস সোবহানের ছেলে।
জানা য়ায়, আরমান স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে জাপানে ফেরার উদ্দেশ্যে একটি হায়েস মাইক্রোবাসে ফেনী থেকে ঢাকায় যাচ্ছিলেন।
ভুক্তভোগীদের অভিযোগ, মেঘনা টোলপ্লাজা-সংলগ্ন এলাকায় পুলিশের চেকপোস্টে কাছাকাছি এলাকায় পাঁচ থেকে ছয়জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল লেজার লাইট দিয়ে সংকেতের মাধ্যমে তাদের গাড়ি থামায়। মুহূর্তের মধ্যে দেশীয় অস্ত্র, চাপাতি, ছুরি ও লোহার রড নিয়ে তাদের গাড়ির আয়না ভেঙে গাড়িতে থাকা যাত্রীদের মারধর করে সাথে থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি আইফোন-১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মোবাইল ফোন এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
লুট হওয়া স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৩০ লাখ টাকারও বেশি বলে দাবি তাদের।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক মোটরসাইকেল আরোহী জানান, তিনি একই পথে যাওয়ার সময় কয়েকজনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে সামনে যাননি। কিছুক্ষণ পরই ওই মাইক্রোবাসে ডাকাতি হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম শেখ বলেন, ‘ঘটনাটি মহাসড়কের মূল সড়কে নয়, বরং মহাসড়কের পাশের একটি নিচু সড়কে ঘটেছে।’
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘ঘটনাটি নিয়ে আমরা কাজ করছি। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ঘটনাস্থল থানা পুলিশের চেকপোস্টের সামনে বলে শুনেছি।’



