ঝালকাঠি পৌরসভার উদ্যোগে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক (ডিসি) মো: মমিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
প্রতিদিন বিকেল ৪টায় ম্যাচ শুরু হবে এবং ২৫ জুন পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা।
ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কাওছার হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যও বৃদ্ধি পায়।
আয়োজকরা জানান, ঝালকাঠি পৌরসভার নয় ওয়ার্ডের নয়টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে তিন ও নয় নম্বর ওয়ার্ড দল প্রতিদ্বন্দ্বিতা করে।
অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও দর্শকরা উপস্থিত ছিলেন।



