সোনাগাজীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা: মো: ফখরুদ্দিন মানিকের নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং ভাঙচুর করা হয়েছে। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে প্রতিহিংসামূলক রাজনীতির অপচেষ্টা চালাচ্ছে।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
জামায়াত প্রার্থীর ব্যানার
জামায়াত প্রার্থীর ব্যানার |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীতে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী ডা: মো: ফখরুদ্দিন মানিকের নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ২ ও ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

চরচান্দিয়া ইউনিয়ন জামায়াতের আমির মুজিবুর রহমান জানান, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা: মো: ফখরুদ্দিন মানিকের নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং ভাঙচুর করা হয়েছে। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে প্রতিহিংসামূলক রাজনীতির অপচেষ্টা চালাচ্ছে।

সোনাগাজী পৌর জামায়াতের আমির মাওলানা কালিমুল্লাহ বলেন, ‘ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার মতো দৈন্যতা আর কিছুই হতে পারে না। এ ধরনের ন্যক্কারজনক ও নিন্দনীয় কর্মকাণ্ড গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করবে।’

উপজেলা জামায়াতের আমির মো: মোস্তফা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ফখরুদ্দিন মানিক সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ জানান এবং সব রাজনৈতিক পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে সুস্থ, সহনশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’