পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুঁড়েছে সেনাবাহিনী

সমাবেশস্থলের মঞ্চের পাশাপাশি চেয়ারগুলো রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে এবং যানচলাচলও কার্যত বন্ধ হয়ে গেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

গোপালগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলাকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এ সময় রাবার বুলেট ও টিয়ার সেল ছুঁড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে সেনাবাহিনী।

এ সময় সঙ্ঘর্ষস্থলে আটকে পড়া বেশ কয়েকজনকে সেনাবাহিনীর গাড়িতে উদ্ধার করতেও দেখা গেছে।

গোপালগঞ্জ শহর থেকে সাংবাদিকরা জানাচ্ছেন, শহরের পৌর পার্ক ও লঞ্চ ঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুপুর আড়াইটার দিকে যখন এনসিপি নেতাদের গাড়িবহর ওই এলাকা অতিক্রম করার চেষ্টা করে, সেই সময় তাদের ওপর ইটপাটকেল হামলা শুরু হয়।

সমাবেশস্থলের মঞ্চের পাশাপাশি চেয়ারগুলো রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে এবং যানচলাচলও কার্যত বন্ধ হয়ে গেছে।