মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মুন্সীগঞ্জ ডিবির ওসি ইশতিয়াক আশফাক রাসেল শুক্রবার রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকার নতুন রাস্তার মোড়ে সজীব টেলিকমের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার কেকেপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ওরফে সোহাগ (৩৮) এবং বরিশালের মুলাদী উপজেলার সফিপুর এলাকার মিন্টু মিয়া (২৩)।
পুলিশ সুপার মো: মেনহাজুল আলম, পিপিএম জানান, ডিবির ওসি ইশতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে এসআই কামরুল হাসান, পিপিএম ও সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নুরুল ইসলাম ওরফে সোহাগের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের অংশ থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি ২৫০ মিলিলিটারের খালি সেভেনআপ (সেভেনআপ) প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। বোতল দুটিতে মোট ৩ হাজার ৮০০ পিস ইয়াবা রাখা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নুরুল ইসলাম ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে মিন্টু মিয়ার কাছে নিয়ে এসেছিলেন। ইয়াবা হস্তান্তরের সময় দুজনকেই হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।



