নলডাঙ্গায় বিএনপির ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় পিপরুল ইউনিয়নে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নলডাঙ্গার পিপরুল ইউনিয়নে আয়োজিত যোগদান অনুষ্ঠান
নলডাঙ্গার পিপরুল ইউনিয়নে আয়োজিত যোগদান অনুষ্ঠান |নয়া দিগন্ত

নাটোরে নলডাঙ্গার পিপরুল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতিসহ ১২ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মো: ইউনুস আলী তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় পিপরুল ইউনিয়নে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

যোগদানকারীরা হলেন পিপরুল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো: ইস্রাফিল, ২ নম্বর ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি মো: খালেদুল ইসলামসহ বিএনপির মোট ১২ জন সক্রিয় নেতাকর্মী।

এ সময় নতুন নেতাকর্মীদের স্বাগত জানিয়ে অধ্যাপক মো: ইউনুস আলী বলেন, ‘আগামী দিনে ধর্ম-বর্ণ নির্বিশেষে নাটোর সদর ও নলডাঙ্গার সব শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে একটি আধুনিক ও উন্নত নাটোর গড়ে তোলা হবে। নাটোর হবে বাংলাদেশের জন্য একটি মডেল জেলা। জামায়াতে ইসলামী বিজয়ী হলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি উপজেলা উপহার দেয়া হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলার নায়েবে আমির অধ্যাপক মো: দেলোয়ার হোসেন খান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো: আতিকুল ইসলাম রাসেল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আলী আল মাসুদ মিলন, নলডাঙ্গা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় নেতারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাটোর-২ (সদর–নলডাঙ্গা) সংসদীয় আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এ যোগদান নাটোর-২ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং আগামী দিনের রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে।