খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং ‘সার সংক্রান্ত নীতিমালা ২০২৫’ সংশোধনের দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে সার ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বান্দরবান জেলা কমিটির উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ‘সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত নীতিমালা ২০২৫’ বাস্তবায়নের লক্ষ্যে প্রকাশিত একটি নীতিমালায় দেখা যায়, দেশজুড়ে বাংলাদেশ সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয়েছে। আলাদাভাবে দেশে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা থাকবে না। সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতারা নীতিমালা জারির পর ৩১ মার্চের মধ্যে তাদের সব দায়-দেনার নিষ্পত্তি করতে হবে।
এ সময় বক্তারা আরো বলেন, এই সংবাদে আমরা সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতারা হতাশ হয়েছি। দীর্ঘদিনের জীবিকা নির্ভর অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রয় কার্যক্রম স্থগিত হয়ে গেলে পরিবার-পরিজন নিয়ে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে।
বক্তারা বলেন, বাংলাদেশ সরকার অনুমোদিত ৪৪ হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের অস্তিত্ব এবং পাঁচ কোটি কৃষকের সেবা রক্ষায় আমাদের এ নীতিমালার সংশোধন করে সমস্যার দ্রুত সমাধান করতে হবে, অন্যথায় খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের জীবন বিপন্ন হয়ে যাবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বান্দরবান জেলার সহ-সভাপতি গোপাল দাশ, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ রাজীব দাশ, মিন্টু মারমা, উসাইনু মারমা।



