চকরিয়ায় মাদককারবারিকে ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু

চকরিয়ায় মাদককারবারিকে ধরতে গিয়ে হারবাং পুলিশ ফাঁড়ির সহকারী উপরিদর্শক (এএসআই) রুপন কান্তি দের (৪২) আকস্মিক মৃত্যু হয়েছে।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
রুপন কান্তি দে
রুপন কান্তি দে |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়ায় মাদককারবারিকে ধরতে গিয়ে হারবাং পুলিশ ফাঁড়ির সহকারী উপরিদর্শক (এএসআই) রুপন কান্তি দের (৪২) আকস্মিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে হারবাং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুপন কান্তি দে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কদমতলী গ্রামের হরিপদ দের ছেলে।

হারবাং পুলিশ ফাঁড়ি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় এএসআই রুপন হারবাং বাজার এলাকায় জুনাইদ নামে এক মাদককারবারিকে আটক করার সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও পুলিশের বক্তব্যে মিল না থাকায় ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে। ফলে এ মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। মরহুম এএসআই রুপন কান্তি দে হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি জুনাইদ নামে এক যুবলীগ কর্মীর এলাকায় অবস্থানের খবর পেয়ে এসআই মোফাজ্জল হোসেন ও এএসআই রুপন দে বাজার এলাকা থেকে তাকে তাকে আটক করেন। এ সময় এএসআই রুপন অজ্ঞান হয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মী ও স্থানীয়রা তাকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন রুপন দের মৃত্যু নিশ্চিত করে বলেন, ‘ওই দিন পুলিশ কোনো অভিযানে যায়নি। হারবাং স্টেশনের একটি দোকানে অবস্থানকালে এএসআই রুপন অসুস্থ হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সাথে থাকা এসআই মোফাজ্জল হোসেন তার শোকাহত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক ডা: জায়নুল আবেদীন জানান, হাসপাতালে আনার আগে তার মৃত হয়েছে। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রুপন কান্তি দে দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে, তিনি একাধিকবার স্ট্রোকে আক্রান্ত হন এবং তার হার্টে রিং বসানো হয়েছিল।