সাভার (ঢাকা) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি বলেছেন, ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। যারা নিজের জীবন ও নিরাপত্তার কথা চিন্তা না করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছিলেন, তাদের ত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
শনিবার (১৫ আগস্ট) বিকেলে সাভারে ঢাকা জেলা জামায়াতের উদ্যোগে গণঅভ্যুত্থানের শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল আলম খান মিলন এমপি বলেন, ‘শহীদ ও আহতদের সম্মান জানানো শুধুই আনুষ্ঠানিকতা নয়, এটি তাদের ত্যাগ, সাহস ও দেশপ্রেমের স্বীকৃতি। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাতে এ ধরনের উদ্যোগ প্রয়োজন রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সাইফুল আলম খান মিলন বলেন, ‘প্রশাসনকে সম্পূর্ণ দলীয় প্রভাবমুক্ত রেখে রাষ্ট্রে নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি গুমের মতো ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।’
তিনি বলেন, ‘সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা সরকারের কাছে চাঁদাবাজি, বিদ্যুৎ ও গ্যাস সঙ্কট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি।’
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সাভারের প্রথম শহীদ শাইখ আশহাবুল ইয়ামিনের বাবা মো: মহিউদ্দিনসহ শতাধিক শহীদ ও আহত পরিবারের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক অনুদান তুলে দেন।
ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে জেলা নায়েবে আমির অধ্যক্ষ শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি এ বি এম কামাল হোসাইন, মাওলানা শাহাদাত হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।



