দেশপ্রেমিক হয়ে জাতিকে এগিয়ে নিতে হবে : হুইপ নিজান

সভায় শেষে তিনি জুলাই বিপ্লবে শহীদ মাসরুরের নামে কমলনগরের একটি সড়কের নামকরণের ফলক উদ্বোধন করেন।

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

Location :

Komol Nagar
ছবি : নয়া দিগন্ত

লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, ‘দেশে চেতনা বিক্রি অনেক হয়েছে, একটি দল মহান একাত্তরের চেতনা বিক্রি করেছিল, জুলাই বিপ্লবও যেন এমন না হয়। আর নয় কোনো চেতনা বিক্রি, এখন প্রকৃত দেশপ্রেমিক হয়ে জাতিকে এগিয়ে নিতে হবে।’

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক নেতাদের সমালোচনা করে আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘পাওয়ারে গেলেই কেউ আর কাউকে শুনতে চায় না। এমপি-মন্ত্রী হতে পারলেই যে সব, তা নয়। মনোজগতে পরিবর্তন লাগবে, ইতিবাচক পরিবর্তন।’

তিনি আরো বলেন, ‘ন্যায়-ইনসাফের সাথে কাজ করতে হবে। মানুষকে সেবা দিতে হবে। কোনো প্রকার অন্যায়-অপরাধ করে পার পাওয়া যায় না। আইন-আদালতে পার পেয়ে গেলেও প্রকৃতির বিচারে কিন্তু শাস্তি পেতেই হয়। তাই, দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষের মনোজগতে ইতিবাচক পরিবর্তন ঘটাতে হবে।’

জাতীয় সংসদের হুইপ বর্তমান পার্লামেন্টকে বেস্ট পার্লামেন্ট উল্লেখ করে বলেন, ‘বিরোধীদলের নেতার ইতিবাচক বক্তব্যে মুগ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার আসনের মতোই বিরোধী দলের নেতার আসনে উল্লেখযোগ্য উন্নয়নের প্রতি নির্দেশনা দিয়েছেন। যার বাস্তবায়ন ইতোমধ্যে সরেজমিন সংশ্লিষ্ট মন্ত্রী ও দফতরের তৎপরতা লক্ষ্য করা গেছে।’

উপজেলা নির্বাহী অফিসার মো: রাহাত উজ জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: আরাফাত হোসাইন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফরিদুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এম জায়েদ হোসাইন ফারুকী, উপজেলা বিএনপির সভাপতি মো: নুরুল হুদা চৌধুরী, উপজেলা জামায়াত আমির মাওলানা মো: আবুল খায়ের, ইমাম সমিতির সভাপতি মাওলানা মো: গিয়াস উদ্দিন প্রমুখ।

সভায় শেষে তিনি জুলাই বিপ্লবে শহীদ মাসরুরের নামে কমলনগরের একটি সড়কের নামকরণের ফলক উদ্বোধন করেন।