ভাষা শহীদ আবদুস সালামের গ্রামে নানা আয়োজনে মহান মাতৃভাষা দিবস পালিত

দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
শহীদ বেদিতে জেলা প্রশাসন ও সালাম পরিবারের পুষ্পস্তবক অর্পণ
শহীদ বেদিতে জেলা প্রশাসন ও সালাম পরিবারের পুষ্পস্তবক অর্পণ |নয়া দিগন্ত

ফেনীর দাগনভুঞার কৃতি সন্তান বায়ান্নর ভাষা শহীদ আবদুস সালামের নিজ গ্রাম সালাম নগরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে। এ সময় ভাষা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে নানা শ্রেণি-পেশার মানুষ।

দিবসের সূচনায় একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদ আবদুস সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এ সময় স্থানীয় মাতুভুঞা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্যাগে প্রথম পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সকালে জেলা ও উপজেলা প্রশাসন, ভাষা শহীদের পরিবার, স্থানীয় রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটি উপলক্ষে ভাষা শহীদ আবদুস সালাম স্মৃতি জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘরে সালামসহ ভাষা শহীদদের ছবি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ দুপুরে স্থানীয় উপজেলা ও জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দাগনভুঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম উপস্থিত ছিলেন।

এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর বিজয় কুমার দাস। এছাড়া ভাষা শহীদ আবদুস সালামের ছোট ভাই সুবেদার আবদুল করিমসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার দুটি ইভেন্টে বিজয়ী ১৫ জন প্রতিযোগিকে পুরস্কৃত করেন।