খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান বিএনপি থেকে বহিষ্কার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান বিএনপি থেকে বহিষ্কার
খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান বিএনপি থেকে বহিষ্কার |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ তাকে বিএনপি থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

উল্লেখ্য, জাতীয় সংসদের ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনে ত্রয়োদশ নির্বাচনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের মনোনীত ও স্বতন্ত্র হিসেবে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে লড়ছেন জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া।

অন্যদিকে, একই আসনে দলের নমিনেশন চেয়ে না পেয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ান স্বতন্ত্র হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সমীরণ দেওয়ান বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় হন।

সমীরণ দেওয়ান অভিযোগ করে বলেন, ‘দুর্নীতির মামলায় অভিযুক্ত হওয়ায় ২০০৮ সালের নির্বাচনে ওয়াদুদ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। সেই নির্বাচনে তিনি নিজ ভাতিজা দাউদুল ইসলাম ভূঁইয়াকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে আমার নিশ্চিত বিজয় ঠেকিয়ে দেন।’

তবে, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকায় দল থেকে নিজের বহিষ্কারের বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।