শুধু গাছ লাগালে হবে না, যথাযথ পরিচর্যা করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কথা বলেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।’

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন |নয়া দিগন্ত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘শুধু গাছ লাগালে হবে না, তার যথাযথ পরিচর্যা করতে হবে।’

তিনি বলেন, ‘১৯৯১ সালে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেন। এরপর থেকে প্রতি বছর এই কর্মসূচির বিস্তার লাভ করেছে।’

শুক্রবার (৩ জুলাই) যশোর উপশহরে সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজারস অফিস যশোর এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কথা বলেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্কুল থেকে শুরু করে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বৃক্ষরোপণ করছে।’

পরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে একটি ফলদ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের ম্যানেজার ইকবাল কবির। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হক, সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীব প্রমুখ।