সিলেট নগরীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৭০টি মোবাইল ফোন উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিট।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উপস্থিতিতে এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
এসএমপি সূত্রে জানানো হয়েছে, হারানো মোবাইল ফোনের বিষয়ে করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২০ দিনে এসব মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি পুলিশ কমিশনার মোবাইল ফোন উদ্ধারে একটি বিশেষ টিম গঠন করেন এবং প্রতিমাসে ১০০টি মোবাইল উদ্ধার করার পরিকল্পনা গ্রহণ করা হয়।
পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এবং টিমের প্রচেষ্টায় সিলেট মহানগরের ছয়টি থানার মোট ৩৯৬টি জিডি পর্যালোচনা করে ৭০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর মধ্যে ৫০টি মোবাইল ফোন বৃহস্পতিবার মালিকদের হাতে তুলে দেয়া হয়। বাকি ২০টি ফোন ইতোমধ্যে মালিকরা স্ব-উদ্যোগে সংগ্রহ করেছেন।
হারানো মোবাইল ফিরে পেয়ে অনেক নাগরিক সন্তোষ প্রকাশ করেছেন। কেউ কেউ প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মোবাইল ফোন উদ্ধারের এ কার্যক্রম আরো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ছয় থানায় করা জিডির ভিত্তিতে হারানো মোবাইল দ্রুততম সময়ে মালিকদের কাছে ফিরিয়ে দিতে পুলিশ কাজ করে যাচ্ছে। পাশাপাশি তিনি নাগরিকদের মোবাইল ফোন ব্যবহারে আরো সতর্ক থাকার পরামর্শ দেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরবাসীর জানমালের নিরাপত্তা ও সাইবার অপরাধ দমনে তারা সবসময় তৎপর রয়েছে এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।



