পাথরঘাটায় টমটম উল্টে শ্রমিক নিহত, আহত ২

বিকেলে একটি ইট-বালি পরিবহনে ব্যবহৃত টমটম কাঠালতলী এলাকার দিকে যাবার পথে মুন্সিরহাট বাজার এলাকায় উল্টে তিনজন গুরুতর আহত হন।

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

Location :

Patharghata
টমটম উল্টে শ্রমিক নিহত
টমটম উল্টে শ্রমিক নিহত |প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটায় মালামাল নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটম উল্টে ইলিয়াস হোসেন (৪১) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরো দু’জন।

শুক্রবার (৮ মে) বিকেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে ভান্ডারিয়া নামক এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

এর আগে, বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মুন্সিরহাট এলাকায় টমটম উল্টে গেলে টমটম চালকসহ তিনজন আহত হন।

নিহত ইলিয়াস উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিবাড়ি এলাকার নুর ইসলামের ছেলে। আহতরা হলেন— চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা এলাকার আল আমিন (৩৮) ও মোশাররফ হোসেন (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি ইট-বালি পরিবহনে ব্যবহৃত টমটম কাঠালতলী এলাকার দিকে যাবার পথে মুন্সিরহাট বাজার এলাকায় উল্টে তিনজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাথরকাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশালে নেয়ার পথে ভান্ডারিয়া নামক এলাকায় পৌঁছালে ইলিয়াস হোসেনের মৃত্যু হয়।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রদীপ দত্ত জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। তাদের অবস্থা গুরুত্ব দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয়। তবে ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি বুকে খুব আঘাত পেয়েছে বলে মনে হচ্ছিল।