১৯ মাস পর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলা সদরের চৌরঙ্গীতে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এ পতাকা উড়তে দেখা গেছে।
মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কয়েকজন নেতাকর্মী ও সমর্থক নিয়ে সকালে পতাকা উত্তোলন করেছেন বলে জানা গেছে।
এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের ফেসবুক আইডিতে পতাকা উত্তোলনের ছবি পোস্ট করা হয়।
এ ব্যাপারে জানতে রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজের মোবাইলে একাধিকবার ফোন দিয়ে তা বন্ধ পাওয়া যায়। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন পতাকা উত্তোলনের খবর শুনেছেন জানিয়ে বলেন, রোববার সকালে কে বা কারা পতাকা উত্তোলন করেছে- আমরা এটি চিহ্নিত করার চেষ্টা করছি ।



