নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্রদের সমাবেশ, আল্টিমেটাম

এ ঘটনায় অভিযুক্ত রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে রাজমিস্ত্রি রবিউল সিকদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠোর প্রতিবাদ ও আন্দোলনের ঘোষণা দেন তারা।

নড়াইল প্রতিনিধি

Location :

Narail
প্রতিবাদ সমাবেশের একাংশ
প্রতিবাদ সমাবেশের একাংশ |নয়া দিগন্ত

নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে জেলা হাসপাতালের শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা শাখার সদস্য সচিব জুলাই যোদ্ধা মাহমুদা সুলতানা রিমি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্য সচিব জুলাই যোদ্ধা আমিরুল ইসলাম রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফায়াত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব শাহারুল আলম, মামুন রনি, সাদাব, জান্নাতুলের বাবা মফিজুর রহমানসহ নেতাকর্মীরা।

বক্তারা নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান। এ ঘটনায় অভিযুক্ত রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে রাজমিস্ত্রি রবিউল সিকদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠোর প্রতিবাদ ও আন্দোলনের ঘোষণা দেন তারা।

ভুক্তভোগী শিশু জান্নাতুলের পরিবার জানায়, নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে প্রতিবেশী ও ফুফাতো ভাই রবিউল সিকদারের (৩৫) বিরুদ্ধে পাঁচ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ জুলাই) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রবিউল পালিয়ে গেছে।

নিহত জান্নাতুলের চাচা মুজিবুর রহমান বলেন, জান্নাতুলের বাবা মফিজুর রহমান সোমবার বিকেলে স্থানীয় হাট থেকে মিষ্টি নিয়ে বাড়িতে আসেন। জান্নাতুল সেই মিষ্টি খেতে খেতে বাড়ির পাশের রাস্তায় ঘোরাফেরা করছিল। এ সময় প্রতিবেশী ফুফাতো ভাই রবিউল সিকদার তাদের বাড়িতে জান্নাতুলকে ডেকে নেয়। ঘণ্টাখানেক পরও জান্নাতুল বাড়িতে না আসায় তাকে পরিবারের লোকজন আশেপাশের বাড়িতে ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে রবিউল সিকদারের ঘরের মেঝে থেকে কাপড় দিয়ে ঢাকা জান্নাতুলের নিথর দেহ উদ্ধার করা হয়। রবিউল একাই তার ঘরে থাকতেন। রবিউল বিবাহিত হলেও অনেক দিন ধরে তার স্ত্রী-সন্তান বাড়িতে ছিল না।

নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবার বলেন, ‘শিশু জান্নাতুলকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান বলেন, ‘শিশু জান্নাতুলকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিক বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত রবিউলকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।’