বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সড়ক আইন লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় আটজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
শনিবার (৩০ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাইফুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা, মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণ এবং বাসের ছাদ ও পণ্যবাহী ট্রাকে অননুমোদিত যাত্রী পরিবহন প্রতিরোধে বিশেষ তদারকি করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইন অমান্যের অভিযোগে আটটি পৃথক মামলায় আটজনকে জরিমানা ও অন্যান্য আইনগত দণ্ড প্রদান করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাইফুর রহমান বলেন, ‘সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং নাগরিকদের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।’
তিনি সকল চালক ও পথচারীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।



