লৌহজংয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
ইয়াবাসহ গ্রেফতার হওয়া রাজেদা বেগম (৪৫)
ইয়াবাসহ গ্রেফতার হওয়া রাজেদা বেগম (৪৫) |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ রাজেদা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাজীরপাগলা গ্রামের অভয় তালুকদার ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার রাজেদা বেগম পদ্মা সেতু উত্তর থানাধীন গোয়ালীমান্দ্রা এলাকার বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার অবৈধ বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় রাজেদা বেগমের বিরুদ্ধে পদ্মা সেতু উত্তর থানায় নিয়মিত মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে জেলা পুলিশ সুপার মো: মেনহাজুল আলম পিপিএমের কঠোর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।