নওগাঁর মহাদেবপুরে এক মাদরাসাছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় ওই ছাত্রীর চাচাকে ছুরিকাঘাত করেছেছে স্বাধীন হোসেন (২২) নামের এক যুবক।
সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঈশ্বর লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্বাধীনসহ তার সহযোগী সেলিমকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় তার আরেক সহযোগী সাগর (২২) সেখান থেকে পালিয়ে যায়।
আটককৃত স্বাধীন হোসেন উপজেলার ঈশ্বর লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে এবং তার সহযোগী সেলিম পার্শ্ববর্তী বাঁশবাড়িয়া গ্রামের। অপরদিকে আহত মোকলেছুর রহমান একই গ্রামের মৃত কাজিম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীন সোমবার সন্ধ্যার আগে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই শিক্ষার্থীর ছোট ভাইকে বলে, তোর বোনকে আমার সাথে বিয়ে দিবি? বিয়ে না দিলে তাকে উঠিয়ে নিয়ে যাবো। এ কথা বলার পর তার এবং তার পরিবারের লোকজনের সাথে বাগ্বিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে ওই ছাত্রীর চাচা মকলেছুর রহমানের পেটে চাকু ঢুকিয়ে দেয় স্বাধীন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা আহত মকলেছুরকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সাথে সাথেই স্থানীয়রা স্বাধীন হোসেন ও তার এক সহযোগী সেলিমকে আটক করে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।’



