ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বছর বয়সী মীমসহ আরজ আলী (১৮) নামে আরো একজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাস চাপায় তিনি নিহত হন। অন্যদিকে শৈলকুপার গোসাইডাঙ্গা গ্রামে ব্যাটারিচালিত অটোভ্যান চাপায় মীমের মৃত্যু হয়।
নিহত মোটরসাইকেল চালক আরজ আলী কোটচাঁদপুর উপজেলার কালুখালী গ্রামের লিটন হোসেনর ছেলে ও অটোভ্যান চাপায় নিহত শিশু মীম শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙা গ্রামের কবির হোসেনের মেয়ে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বিকেলে ঝিনাইদহ শহরের শহিদ মিনার চত্বরের সামনে মোটরসাইকেল নিয়ে রাস্তায় লেন পার হওয়ার সময় একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় মোটরসাইকেল চালক আরজ আলী ঘটনাস্থলেই নিহত হন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডা: তাপস কুমার বলেন, ‘মোটরসাইকেল চালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। লাশ মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে নিজ বাড়ির সামনে রাস্তার পাশে খেলতে গিয়ে অটোভ্যানের ধাক্কায় নিহত হয় শিশু মীম।
থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, যাত্রীবাহী একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শিশুকে ধাক্কায় দেয়। এতে শিশুটি অটোভ্যানের চাকায় পিষ্ট হলে তাকে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।



